আদুরে আলাপন - রূপবালা সিংহ রায় // AdureAlapon by Rupbala Singha Roy
আদুরে আলাপন রূপবালা সিংহ রায় "খাওয়া হয়ে গেলে আমার ঘর থেকে একবার ঘুরে যাস ছোট" -- গম্ভীর গলায় কথাখানা বলে খাবারের থালাটা ঠেলে উঠে পড়ল নন্দিনীর বড় জা সুচরিতা। নন্দিনী তাকিয়ে দেখল তার থালায় এখনো পড়ে রয়েছে আস্ত একখানা রুটি আর আধবাটি তরকারি। প্রথম রুটি খানা থেকে এক টুকরো ছিঁড়ে তরকারিটাতে ডুবিয়ে মুখে নেওয়ার পর থেকেই দিদি ভাইয়ের মুখখানা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। গম্ভীর হওয়ার কারণটা যদিও সে ভালোভাবেই জানে। একটু আগে যখন তার স্বামী আর দাদাভাই খেতে বসলো তখন থেকে। দাদাভাই যদিও কিছু বলেনি, বলেছিল তার স্বামী অরিন। খেতে খেতে মুখ বেঁকিয়ে বলেছিল -- "এটা রান্না হয়েছে? সব লবণটাই ঢেলে দিলে তো পারতে!" আরো কিছু বলার আগে ভাগ্যিস দাদাভাই তাকে থামিয়ে দেয় তা নাহলে তা যে কতক্ষণ চলতো কেউ জানে না। দিদিভাই তখন খেতে আসেনি, স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা দিচ্ছিল। তাই নন্দিনীও আগে খেয়ে নিতে পারেনি অপেক্ষা করছিল তার জন্য যেহেতু বরাবরই রাতের খাবারটা তারা একসাথে খায়। দিদিভাই খায়নি বলে যতটা না খারাপ লাগছিল ঠিক ততটাই ভয় করছিল না জানি কি বলবে সে। এদিক ওদিক হলে একটুও সহ্য করতে ...