ছেলেবেলার স্মৃতি - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // নতুন বাংলা কবিতা।
ছেলেবেলার স্মৃতি
রূপবালা সিংহ রায়
বৃষ্টিভেজা ঘাসের ওপর পা ফেলতেই
হারিয়ে গেলাম পুরানো সেই ছেলেবেলায়,
গামছা দিয়ে মাছ ধরছি ভাইয়ের সাথে
উঠছে মাছ নেইকো জানা মাতছি খেলায়...
ইচ্ছা করে হাঁটু জলে যাচ্ছি ডুবে !
মাঠের পর মাঠ খোলা আকাশ দেখছে চেয়ে,
মুচকি হেসে বলছে তারা জোরে হেঁকে
কেউ কি ডোবে ওইটুকুতে বোকা মেয়ে।
ভীষণ জোরে বর্ষা এলে ভাই আর আমি
কলাগাছটা কেটে নিয়ে ভেলা করে,
পুকুরটাকে নদী ভেবে চলছি বেয়ে
বৃষ্টির সাথে মাও কেবল ডাকছে জোরে...
বই আর খাতা বোগল দাবায় হাঁটু জলে
মাথায় আছে কচু পাতার ছাতাখানি,
ব্যাঙের সাথে গ্যাঁঙর গ্যাঁঙর গান গাইছি
ভাবছি মনে আমিও গান গাইতে জানি!
একদিন এক ঘুটঘুটে ঘোর বর্ষা রাতে
পড়ছি বসে ঢুলু চোখে বইয়ের পড়া,
হঠাৎ শুনি ব্যাঙগুলো সব গলা ছেড়ে
আগডুম বাগডুম আমার সাথে বলছে ছড়া!
বর্ষাকালে পড়া ছিল আমার ধরা
এই পড়াটা সেই পড়া নয় আছাড় খাওয়া,
হারিয়ে গেছে সেসব দিন সেই ছেলেবেলায়... স্মৃতিগুলোই এখন শুধু, বারে বারে করছে ধাওয়া।
#ছেলেবেলার_স্মৃতি #রূপবালা_সিংহ_রায় #followerseveryonehighlights #bengali_story_and_poetry #banglakobita #bengalipoetry
@সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন