বর্ষা রানী - রূপবালা সিংহ রায় // বর্ষার কবিতা // বৃষ্টির কবিতা // Borshar Kobita ।

 বর্ষা রানী

রূপবালা সিংহ রায় 


ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে কালো মেঘের থেকে, 

পেখম মেলে নাচছে ময়ূর আনন্দে তাই দেখে ।

চাষিরা ওই হাসছে দেখো মন খুলে তাই আজ ,

নতুন নতুন ফলবে ফসল জমবে কৃষি কাজ ।

ছোট্ট মেয়ে ভিজছে জলে না শুনে মায়ের কথা,

জ্বর হলে বা পড়লে পরে পাবি রে তুই ব্যথা।

পাড়ার ছেলে গামছা নিয়ে ধরছে যে মাছ জলে, বারান্দাতে বসেই কেউ মাছ ধরে ছিপ ফেলে।

গাঁয়ের বধূ কলসি কাঁকে পুকুর ধারে এসে, 

বৃষ্টিতে আজ মনটা যে তার দূরেতে যায় ভেসে। 

চায়ের কাপ হাতে নিয়ে কর্তা ফেলে কাজ, 

বলছে যে তার গৃহিণীকে খিচুড়ি হবে আজ। 

সঙ্গে থাকবে বেগুনি আর আলু, পাঁপড় ভাজা,

ইলিশ মাছ পড়লে পাতে হবে আরো মজা। 

বৃষ্টিতে মন মাতাল হলে প্রেমীর হাতটি ছেড়ে,

চুলে এলিয়ে ভিজলে জলে প্রেমিক ছাতা ধরে।

বর্ষা মেয়ের ছোঁয়ায় ধরা আনন্দে আজ মাতে, ব্যাঙগুলোও যায় না যে বাদ তারাও ডাকে রাতে।


এই তো গেল বর্ষা মেয়ের নানান ভালো দিক,

টাকার জন্য ছাউনিটা যে হয়নি করা ঠিক।

টুপ টুপিয়ে পড়ছে যে জল ঘরের মাঝে তাই,

উনুনটাও ভিজে গেছে, আগুন ভিজে ছাই। 

মা পাখিটা বাচ্চা নিয়ে ভাবছে মনে মনে, 

বর্ষা গেলেই বাঁচি এবার, উড়বো কবে বনে?

বানের তোড়ে ভাসলো যে ঘর, ঘর ছাড়া সব লোক 

উঁচু রাস্তায় দাঁড়িয়ে তারা নিয়ে করুন চোখ।

বনের পশু বেজায় দুঃখে, জল লাগছে গায় 

কবে যাবে বর্ষাটা যে ভাবছে মনে হায়! 

গোয়াল ঘরে গরু ছাগল পারে না যেতে মাঠে 

মাঠের কথা ভাবতে ভাবতে কেবল জাবর কাটে। 

বর্ষা রানীর ম্যাজিক দেখে দুঃখ খুশি মন। 

ভাবছি বসে রামধনুটা আসবে আবার কখন?


bengalipoetryandstory , banglakobiagolpo borsharkobita ,BristirKobita, rupbalasingharoy ,বর্ষারকবিতা ,borsharani




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।