শিশু মন - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।
শিশু মন
রূপবালা সিংহ রায়
Sishu Mon by Rupbala Singha Roy // Bangla Golpo // Bengali Story // New Bengali Story.
পড়ার টেবিলের সামনে ছোট্ট জানালাটা থেকে দেখা যাচ্ছে এক চিলতে আকাশ । টিউশন টিচারের দেওয়া হোম ওয়ার্কটা করতে করতে বছর আটের ঋজু হাতের উপর হাত দিয়ে তার ওপর মাথাটা রেখে তাকিয়ে আছে আকাশটার দিকে । মাঝেমধ্যে দুটো একটা করে পাখি উড়ে যাচ্ছে । বেশ খানিকটা দূরে একটা ঘুড়ি উঠছে । ইস্ ! আমার যদি একটা ঘুড়ি থাকতো রোজ ছাদে গিয়ে ওড়াতাম - ভাবতে ভাবতে দেখতে থাকে আকাশটাকে । আকাশটার নিচের দিকের কিছুটা অংশ হালকা লাল রঙের হয়ে আছে । তার উপর থেকে কালো-সাদায় মেশা মেঘগুলো ভেসে যাচ্ছে । সেগুলো কখনো সিংহের মাথার আকার নিচ্ছে তো কখনো সেটাকে আবার পাশের বাড়ির টমের মতো মনে হচ্ছে । টমের কথা মনে হতেই ঋজু ভাবলো আমি যদি টম হতাম কি ভালই না হত ! নটাতে স্কুল মা সেই সকাল সাড়ে সাতটাতে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দেয় । তারপর স্কুল , স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে বিকেল চারটে । তারপরেও একটু ছাড় নেই । কোনোদিন টিউশনি থাকে , কোনোদিন আবার ড্রয়িং ক্লাস , তো কোনোদিন গিটার শিখতে যেতে হয় । ভাল্ লাগে না আর ! এর থেকে টম ভালো আছে । পড়াশোনা করতে হয় না , শুধু খাওয়া আর ঘুম । কেউ কিচ্ছু বলে না , যা খুশি তাই করতে পারে - ভাবতে ভাবতে ক্লান্ত ঋজুর চোখ দুটো বুঝে এলো । "কিরে হোলো লেখাটা , ম্যাম তো এক্ষুনি চলে আসবেন " - মায়ের চিৎকারে ধড়ফড় করে উঠে লিখতে শুরু করল সে ...
#শিশু_মন
#রূপবালা_সিংহ_রায়...🖋️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন