নোট বই - সুকুমার রায় // সুকুমার রায়ের কবিতা নোট বই // নোট বই // Note Boi // Abol Tabol ।

 নোটবই


সুকুমার রায়


এই দেখ পেনসিল্, নোটবুক এ–হাতে,

এই দেখ ভরা সব কিল্‌বিল্ লেখাতে ।

ভালো কথা শুনি যেই চট্‌পট্ লিখি তায়—

ফড়িঙের ক'টা ঠ্যাং, আরশুলা কি কি খায় ;

আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট্‌চট্,

কাতুকুতু দিলে গরু কেন করে ছট্‌ফট্ ।

দেখে শিখে প'ড়ে শুনে ব'সে মাথা ঘামিয়ে

নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ ।

কান করে কট্ কট্ ফোড়া করে টন্‌টন্—

ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লন্ঠন ।

কাল থেকে মনে মোর লেগে আছে খট্‌কা,

ঝোলাগুড় কিসে দেয় ? সাবান না পট্‌কা ?

এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে,

জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে ।

পেট কেন কাম্‌ড়ায় বল দেখি পার কে ?

বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে ?

তেজপাতে তেজ কেন ? ঝাল কেন লঙ্কায় ?

নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় ?

কার নাম দুন্দুভি ? কার নাম অরণি ?

বল্‌বে কি, তোমরা তো নোটবই পড়নি ।












 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।