উল্টোরথ - রূপবালা সিংহ রায // Bangla Golpo // Bengali Story // Bangla Premer Golpo ।
উল্টোরথ
রূপবালা সিংহ রায
সময় বড় অদ্ভুত ! এই ভালো তো , এই মন্দ । এক নিমেষেই বদলে যায় সবকিছু । আবার সময়ই তা ঠিক করে দেয় । কিছু কিছু ক্ষেত্রে ঠিক করতে না পারলেও তাকে কিছুটা হলেও ভুলিয়ে দেয় । আবার মুহূর্তের মধ্যে সেই ভুলে যাওয়া স্মৃতিটাকে মনে করিয়ে দিয়ে জীবনটাকে বিষাদের ভরিয়ে দেয় - ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিশা । এই যে কিছুক্ষণ আগেই অফিস শেষে অফিস কলিগদের সঙ্গে কত হইহুল্লোড় করে কাটছিল তার । সবাই মিলে আড্ডা দিতে দিতে ঘুরলো রথের মেলা । চড়লো নাগরদোলা । খেলো চপ , জিলিপি , পাঁপড় ভাজা , আরো কত্ত কি ! তারপর বাড়ি ফেরার পথে এই এক ফসলা বৃষ্টি তার মনটাকে ভারাক্রান্ত করে দিয়ে গেল । যদিও ছাতা রয়েছে কাছে , কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতা থাকতেও সে ভিজে যাচ্ছে । তার ওপর যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে , ভয়ে থেমে যেতে হলো তাকে । গিয়ে আশ্রয় নিল একটা বন্ধ দোকানের ছাউনির নিচে । বর্ষার জলের সঙ্গে তার চোখ দুটো ভিজছে অঝোরে । ছয় বছর পর হঠাৎ করেই মনে পড়ে গেল শান্তনুর কথা । এমনই এক উল্টো রথের দিন তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল নিশার । বান্ধবীদের সঙ্গে মেলা দেখে ফিরছিল সে বাড়িতে । এমনি করে হঠাৎই বৃষ্টি নামায় তারাও সেদিন একটা ছাউনির নিচেই গিয়ে আশ্রয় নিয়েছিল । সেখানেই দাঁড়িয়েছিল শান্তনু । সেই প্রথম আলাপ ।সেখান থেকে প্রেম , তারপর বিয়ে । কিন্তু বিয়ের বছর দুইয়ের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায় । শান্তনু যেন কেমন একটা নিশা তাকে বুঝতেই পারত না । শান্তনুও বুঝতে পারত না নিশাকে । এমনি করে নানান অছিলায় দুজনের মধ্যে বিচ্ছেদের দেয়াল গড়ে উঠেছিল ।
হঠাৎই কথার আওয়াজ শুনে পাশ ফিরে তাকালো নিশা । দেখল এক মাঝবয়সি দম্পতি তার পাশে দাঁড়িয়ে দুজন দুজনকে দোষারোপ করছেন ছাতা আনা হয়নি বলে । এক পর্যায়ে তা ঝগড়াতে পরিণত হল । কেউই হারার পাত্র নয় । হয়তো চারপাশের লোকজন দেখে একটা সময় হঠাৎ করেই ভদ্র মহিলা চুপ করে গেলেন । তাই দেখে ভদ্রলোক বললেন - "কি হলো ঝগড়া করবে না" ? ভদ্রমহিলা -"না"। "তাহলে হার মানলে বলো ! ওহঃ ! আমি জিতে গেছি" - বলে ভদ্রলোক ব্যাগ থেকে জিলিপি বার করে খেতে শুরু করলেন । অমনি ভদ্রমহিলা তার হাত থেকে জিলিপিটা কেড়ে নিয়ে সেটা খেতে খেতে বললেন - "তোমার না সুগার আছে"? "তুমি খেয়ো না গিন্নি দুদিন বাদে তোমারও সুগার হয়ে যাবে" - বলে ভদ্রলোক জিলিপিটা নিতে যাবে , অমনি দুজনে মধ্যে এমন কাড়াকাড়ি বেঁধে গেল যে সেটা নিচে পড়ে গেল । তাদের কাণ্ডকারখানা দেখে একজনতো জিজ্ঞাসাই করে বসলেন - "আপনারা এখনো এত গন্ডগোল করেন" ? ভদ্রলোক এক গর্বের হাসি দিয়ে বললেন করিতো - "জানো না ঝগড়া করলে ভালোবাসা বাড়ে " ! অন্য আরেকজন জিজ্ঞাসা করলেন - "মেসোমশাই আপনি যে এমন করেন মাসিমা আপনাকে ছেড়ে চলে যায় না" ? ভদ্রলোক বললেন - "যায় তো ! রাগ হলে উনি তো ব্যাগ গুছিয়ে রীতিমতো বাপের বাড়ি যাওয়ার জন্য যাত্রা শুরু করেন । আমি অমনি নতুন জামা কাপড় পরে ওনার সঙ্গে বেরিয়ে পড়ি । উনি রক্ত রাঙা চোখ দুটোকে আরো বড়ো বড়ো করে আমার দিকে তাকিয়ে থাকলে বলি -"এক সঙ্গে থাকতে গেলে মাঝেমধ্যে ঝগড়াঝাটি তো হবেই তাই বলে সম্পর্ক শেষ করে দেওয়া কি ঠিক ? আর তাছাড়া এই তো সুযোগ শ্বশুর বাড়ি যাওয়ার এমনিতে তো আর কাজের চাপে যেতে পারি না" । গিন্নির সব রাগ জল হয়ে যায় । তারপর সেখানে দু চারদিন থেকে আবার দুজনে ফিরে আসি । তবে এখন অবশ্য আর যায় না । আর গেলেও ওই গেট পর্যন্ত । তারপর আবার ফিরে আসে । বোঝোনা মা-বাবার পয়সা বাঁচায় , আমি গেলে খরচ হবে না" ! সবাই প্রায় হো হো করে হেসে ফেলল । নিশাও না হেসে পারল না । একটা মুচকি হাসি দিয়ে অন্য পাশে তাকাতেই দেখতে পেল শান্তনুকে। বৃষ্টিতে পুরো ভিজে গেছে । একনাগাড়ে তাকিয়ে আছে তার দিকে । নিশা কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো । হঠাৎ করে মেসোমশাইয়ের বলা কথাগুলো মনে পড়ায় তার মনটা অভিমানে ভরে উঠলো - "শান্তনু কি পারতো না আমায় আটকাতে" । একটা সময় পর কেমন অস্বস্তি হতে লাগলো তার । খুব কান্না পাচ্ছিল । চোখের জলটা যেন তার বাঁধাই মানছিল না । তাই সে ছাতাটা খুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল । ছাউনি থেকে দু পা এগোতেই বুঝতে পারল শান্তনু তার ছাতার নিচে । নিশা শান্তনুর দিকে তাকাতেই সে বলল - "চলো এই সুযোগে শ্বশুরবাড়ি ঘুরে আসি .....
উল্টোরথ
কলমে:রূপবালা সিংহ রায়
banglagolpo , bengalistory , story , golpo, seragolpo ,ultorath , Ulto Rath by Rupbala Singha Roy
সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy
উল্টো রথ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন