বীণাপাণি - রূপবালা সিংহ রায় // সরস্বতী পুজোর গল্প // বাংলা গল্প
বীণাপাণি
রূপবালা সিংহ রায়
নামটা বীণাপানি হলেও বাস্তবে বীণাপানি হয়ে উঠতে পারেনি তখন বীণাপাণি ভট্টাচার্য । ছোটবেলায় গানের প্রতি আগ্রহ দেখে মা একটা গানের স্কুলে ভর্তি করেছিল তাকে । বাবারও তাতে কোনো আপত্তি ছিল না। যজমানদের বাড়ি থেকে পুজো করে যখন দিন শেষে বাড়ি ফিরতেন তিনি তখন তার প্রথম কাজ ছিল মেয়ের মধুর কন্ঠে গান শোনা। মনটা যেন ভরে যেত মা-বাবা দুজনেরই । মাঝেমধ্যে পাড়ার পুজো মন্ডপে গানও গাইত সে । সবাই যখন হাততালি দিত তখন তার মন আনন্দে ভরে উঠতো । একসময় গান গাওয়াটা তার স্বপ্ন হয়ে উঠলো ।ভাবতো একদিন সে একজন বড় গায়িকা হবে । স্টেজ স্টেজে গান গাইবে । বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তার নাম ডাক। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল তার । একটু বড় হলে বাবার যেতে দিতেন না পাড়ার পুজোতে গান গাইতে । বলতেন ব্রাহ্মণের মেয়ে তুমি স্টেজে গান গাইবে , আর পাড়ার ছেলেরা কুনজরে দেখবে । তখন হিতে বিপরীত হবে।
তারপর বিয়ে ঠিক হলো । ওর গান শুনে পাত্রপক্ষ আপ্লুত । ভরিয়ে দিল ওকে প্রশংসায় । তাদের কাছে ও জানতে পেরেছিল যে তাদের বাড়িতে গানের চর্চা আছে। যিনি বীণাপানির কাকা শ্বশুর হবেন তিনি বেশ নামকরা গায়ক । কোথাও যেন এক আশার কিরণ দেখতে পায় বীণাপানি। হয়ে গেল বিয়ে । বিয়ের পরে সে জানতে পারল এ বাড়িতে কেবলমাত্র ছেলেরাই বাড়ির বাইরে গিয়ে গান গাইতে পারে, মেয়েরা পারেনা । বাড়ির মেয়েরা গান শেখে শখ করে । কিংবা তাদের গান শেখানো হয় যাতে তাদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যায় তার জন্য । মেয়েরা গান গাইবারই সুযোগ পায় না তো বাড়ির বউ অনেক দূর । অবশেষে বীণাপানি তার হাত থেকে বীণা-খানি রেখে দিয়ে লক্ষ্মী রূপ ধারণ করে লক্ষ্মী-মন্ত বউ হয়ে ওঠে ।
কেটে যায় অনেক বছর এক ছেলে ও এক মেয়ে তার । তখন ছেলে কলেজে পড়ছে। আর মেয়ে এবার মাধ্যমিক দেবে। বাড়ির রীতি অনুযায়ী মেয়েকে গান শেখানো হয়েছে। ওর থেকেও ভালো গান করে মেয়ে। মেয়েরও ইচ্ছা গায়িকা হওয়ার । নিজের ইচ্ছাকে গলা টিপে ধরলেও মেয়ের ইচ্ছাকে মারতে পারেনি সে । ভর্তি করালো ভালো একজন গানের শিক্ষকের কাছে। টিউশনি পড়তে নিয়ে যাওয়ার বাহানায় নিয়ে যেত সে মেয়েকে গানের স্কুলে। মিথ্যে কি আর চাপা থাকে একদিন না একদিন সে ধরা পড়বেই । একদিন সত্যিটা সামনে এলো সবার । রাগারাগি-অশান্তি-কথা কাটাকাটি । বেশ কিছুদিন মেয়েকে নিয়েছিল সে বাপের বাড়িতেও । তবুও মেয়ের গান ছাড়ায়নি সে। তারপর অবশ্য সবাই মেনে নেয় ।
এখন মেয়ে অনেক বড় গায়িকা । তার একটা স্টেজ পারফরম্যান্স আছে । সে চায় মায়ের সঙ্গে গান গাইতে । অনেক বারণ করার সত্ত্বেও মেয়ে শোনেনি তার কথা। নতুন করে গানের তালিম দিয়েছে মাকে। স্টেজে উঠতেই হাত পাগুলো যেন আরষ্ট হতে শুরু করল বীণাপানির । মেয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। হাজার হাজার শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দিল বীণাপানিকে । কিভাবে তার মা তাকে এই জায়গায় পৌঁছেছে শোনালো সেই গল্পও । অবশেষে গান গাইলো মা আর মেয়ে । গান শেষে বেজে উঠলো সেই করতালির ধ্বনি যেটা অনেকদিন আগে সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল বীণাপানির জীবন থেকে ....
#বীণাপানি
#রূপবালা_সিংহ_রায়_🖋️
#Saraswati_Puja_Special_Story #bengalistory #banglagolpo #bengaliwriters #SaraswatiPuja #saraswatipuja2026 #Golpo #story #গল্প #সরস্বতীপুজো

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন